Subscribe Us

 

এক রাতেই সড়কে ৩০ গাড়ি আটকে যাত্রীদের মালামাল লুট

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্য মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।


গতকাল বুধবার (৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বড়ইগাছতলা এলাকায় আন্দিউড়া-বানেশ্বর সড়কে এসব ঘটনা ঘটে।

 স্থানীয়রা জানান, অস্ত্রধারী ২০-২২ জনের ডাকাতদল রাত সাড়ে ৮টার দিকে বড়ইগাছ তলায় গাড়ি থামানো শুরু করে। রাত ১০টা পর্যন্ত আসা যাওয়া করা অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল তারা লুটে নেয়।
 
রাত সাড়ে ১২টায় মাধবপুরের বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহর লাল শাহাজীর মোবাইল নম্বরে কল দিলে তার ছেলে সুজন শাহজী কথা বলেন।
 
তিনি জানান, ডাকাতদলের কবলে পড়া প্রায় ৩০টি যানবাহনের বেশিরভাগ সিএনজিচালিত অটোরিকশা। এগুলোর যাত্রী ও চালকদের নিকট থেকে মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেয়া হয়েছে।
 
আরও পড়ুন: সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
 
এদিকে, ডাকাতের হামলায় নারীসহ সাতজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারা হলেন, মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া ও ফজল হক।
 
আহতদের মধ্যে তমা সূত্রধর ও ফজল হকের সঙ্গে কথা বলে জানা যায়, তমার আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও ফজল হকসহ মোট তিনজনের তিনটি মোটরসাইকেল লুটে নেয় ডাকাতদল।
 
স্থানীয়রা জানান, টানা প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ডাকাতদল লোকজনকে মারধর করে মালামাল লুটে নিলেও পুলিশ অথবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়নি।
 
তবে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম সালিমুল হকের দাবি, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Post a Comment