Subscribe Us

 

রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

শুরুর পর নাহিদ রানার শেষদিকের বোলিং তোপে ১৪৬ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। জ্যামাইকা টেস্টে ১৬৪ রানের পুঁজি নিয়েও ১৮ রানের লিড পেলো বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ে করেছেন নাহিদ।


স্যাবিনা পার্কে সোমবার (২ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৭০ রানের বিনিময়ে মাত্র ১ উইকেট হারিয়ে শুরু করেছিল উইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৩ আর কিচি কার্টি ১৯ রানে অপরাজিত থেকে ব্যাট করতে নামেন। শুরু থেকেই দুজনে সাবধানী ব্যাটিং করে যান। তাদের জুটি ৫০ পেরিয়ে ৬০ রানে পৌঁছায়। তবে এ জুটিকে আর বড় হতে দেননি তরুণ পেসার নাহিদ রানা।

গতির ঝড় তুলে শুরু থেকেই ক্যারিবীয়দের অস্বস্তিতে রেখেছিলেন তিনি। শেষমেশ সফলও হলেন। তার বাউন্সার ব‍্যাকফুটে সামলাতে চেয়েছিলেন ব্র‍্যাথওয়েট। ঠিক মতো পারেননি। ব‍্যাটের শোল্ডারে লেগে ক‍্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি বদলি ফিল্ডার জাকির হাসান। দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় উইন্ডিজ। ১২৯ বলে ৩ চারে ৩৯ রানে থামেন ব্র্যাথওয়েট।
তার বিদায়ের পর ছন্নছাড়া হয়ে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন। রানার সঙ্গে তাসকিন, হাসান ও তাইজুল যোগ দেন উইকেট তুলে নেয়ার উৎসবে। তাতে ৩২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
 ব্র্যাথওয়েটের বিদায়ের পর ক্রিজে নামা কাভেম হজকেও সেট হওয়ার সুযোগ দেননি রানা। তার অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানা ছুঁয়ে যায়, দ্রুত গতিতে আসা বল ঝাঁপিয়ে গ্লাভসে নেন লিটন দাস।
ক্রিকইনফোর বর্ণনা মতে, ক্যাচটা পাখি অথবা বিমানের মতো উড়ে ধরেছেন লিটন। ১২ বলে ৩ রানে থামে হজের ইনিংস। দলের সংগ্রহ যখন ১০০, তখন নতুন ব্যাটার অ্যালিক অ্যাথানেজের উইকেট হারায় স্বাগতিকরা। এবার শিকার করেন তাসকিন। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি অ্যাথানেজ। একটু নিচু হয়ে ব‍্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে মিডল স্টাম্পে। ৯ বলে তিনি করেন ২ রান।
এরপর ক্রিজে নেমে তাইজুলের বলের লাইন মিস করে বোল্ড হন জাস্টিন গ্রিভস। তিনিও ৯ বলে ২ রান করেন। ক্রিজে এসে সেট ব্যাটার কার্টির সঙ্গী হতে পারেননি জশুয়া ডি সিলভাও। ৯ বলে ৫ রান করে তিনি হাসানের বলে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি।
এক ওভার পর আক্রমণে এসে হাসান ফেরান বাংলাদেশের গলার কাঁটা হয়ে ক্রিজে থাকা কার্টি। লেগ স্টাম্পের ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন কার্টি। বেরিয়ে যাওয়া ডেলিভারির লাইনে পুরোপুরি যেতে পারেননি। কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। বাংলাদেশের জোরালো আবেদনে অবশ্য আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেয় লাল সবুজরা। ১১৫ বলে ৪০ রান করেন কার্টি।
লাঞ্চের আগে আলজেরি জোসেফকে আউট করে নিজের চতুর্থ উইকেট শিকার করেন নাহিদ রানা। ১২৩ রানে ৮ উইকেট হারায় ক্যারিবীয়রা।
৮ উইকেটে ১৩৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর দ্বিতীয় ওভারেই শামার জোসেফকে (৬) এলবিডব্লিউ করেন মিরাজ। আর শেষ ব্যাটার কেমার রোচকে (৮) এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা।
আগের দিন ক্যারিবীয়দের একমাত্র উইকেটটি নিয়েছিলেন রানা। ৪৭ বলে ১২ রান করে তরুণ পেসারের করা ডেলিভারি লিটনের হাতে ক্যাচ দিয়েছিলেন মিকাইল লুইস। আজ আজ ৪ উইকেট।  সবমিলিয়ে ৬১ রানে ৫ উইকেট নেন নাহিদ রানা। এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং। হাসান মাহমুদ নেন ২ উইকেট।
এর আগে জেডন সিলসের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে গুঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশ। ১৩৭ বল মোকাবিলায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন সাদমান ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন মেহেদী হাসান মিরাজ। বাকিরা দ্যুতি ছড়াতে পারেননি। ক্যারিবীয়দের পক্ষে ১৫.৫ ওভার বল করে মাত্র ৫ রান খরচায় ৪ উইকেট নেন সিলস। এছাড়া ৪৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে টাইগারদের ইনিংসে ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামার জোসেফ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২০১ রানের বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

Post a Comment